শেরপুরের শ্রীবরদী উপজেলায় সফল নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবার কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
রোববার (১৬ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসক উপজেলার আটাকান্দা গ্রামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ঋণ সহায়তায় গড়ে ওঠা সফল নারী উদ্যোক্তা আজেদা বেগমের গরুর খামার পরিদর্শন করেন।
মাত্র একটি গরু ও দুই লাখ টাকা ঋণ নিয়ে খামারের যাত্রা শুরু করেছিলেন আজেদা বেগম। বর্তমানে তাঁর খামারে দেশি-বিদেশি প্রায় ১২টি গরু রয়েছে। গরুর বর্জ্য ব্যবহার করে উৎপাদিত বায়োগ্যাস দিয়ে তিনি নিজের পরিবারের রান্নার জ্বালানির চাহিদা পূরণ করছেন। পাশাপাশি উৎপাদিত বায়োগ্যাস নিয়মিত আরও দুজন নারীর কাছে বিক্রি করছেন। খামারের আয় তাঁর জীবনে আর্থিক সচ্ছলতা ও স্বাবলম্বিতা এনে দিয়েছে।
এ সময় জেলা প্রশাসক আজেদা বেগমকে তাঁর অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অন্য নারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি উপস্থিত এলাকার নারীদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন। আগ্রহী নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি।
পরে জেলা প্রশাসক শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্ন, গোছানো ও মনোরম সবুজ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় নাগরিক সেবার মান ও পরিবেশের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশনা দেন।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।
পরিদর্শনকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।