মো. মাকসুদুর রহমান, শেরপুর প্রতিনিধি:
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশ কর্তৃক ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ৮টা থেকে শেরপুর পুলিশ লাইন্স মাঠে জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় নিয়োগে অংশগ্রহণকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পুরো কার্যক্রম সরেজমিনে তদারকি করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ অফিস) মো. আসলাম শাহজাদা এবং অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) নাইম উল-আলম।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) মাহফুজা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (আইএসটিসি, জামালপুর) মো. আজহারুল ইসলাম মুকুল।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুন ২০২৬ তারিখে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পুলিশ লাইন্স, শেরপুরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় পুরুষ প্রার্থীদের ১,৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১,০০০ মিটার দৌড়ের পাশাপাশি লং জাম্প ও হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হবে।
স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন