ঢাকা ০৩:১০ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

  • প্রকাশের তারিখ: 12/09/2026, 12:19 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 95
শেরপুরে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

শেরপুর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শহরের কসবা বারেকপাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মনকান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), শহরের মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্লাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া (২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামানের ছেলে মো. মারুফ (২২), সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী। তাদের বিরুদ্ধে এর আগে নাশকতার মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শেরপুর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপনে মিছিল আয়োজনের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের গোপনে মিছিল আয়োজনের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বের নাশকতার মামলাও রয়েছে।
পরে শুক্রবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 30/09/2026, 12:24 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।