ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলা ও সকল উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির নির্দেশনা অনুযায়ী শেরপুর শহরসহ জেলার বিভিন্ন বাজার, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলায় ১২১টি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার মোট ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থান মিলিয়ে প্রায় ২০০টি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সঞ্চিতা বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন ও স্থানীয় বাসিন্দারাও এতে অংশগ্রহণ করেন।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়।
সংশ্লিষ্টরা বলেন, মশার বংশবিস্তার রোধে শুধু সরকারি উদ্যোগ নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের স্থানে পানি জমতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু ও মশাবাহিত রোগের ঝুঁকি কমিয়ে একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।