শেরপুর পৌরসভা এলাকায় চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-ঢাকা-৩৯৯০)। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর অনুমোদিত এ সংগঠনের ডাকে বিপুল সংখ্যক শ্রমিক কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক ও রিকশার লাইসেন্স ফি কমানো, লাইসেন্সবিহীন রিকশার জরিমানা হ্রাস ও নতুন আরোপিত জরিমানা বাতিল, লাইসেন্সের অর্থ থেকে শ্রমিক কল্যাণ তহবিল গঠন এবং ইউনিয়নের সদস্য পরিচয়পত্র যাচাই করে প্রকৃত শ্রমিকদের লাইসেন্স প্রদান।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি শফিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন, সাংগঠনিক সম্পাদক মানিক, প্রচার সম্পাদক বাচ্চু মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনের সভাপতি ও শেরপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ আনোয়ারুল সাদ্দাত সুইট উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে তাদের জীবনমান উন্নত হবে এবং পৌরসভার সঙ্গে শ্রমিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।
শেরপুরে লাইসেন্স ফি কমানোর দাবিতে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের মানববন্ধন