শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের তেঘরিয়া ও আশপাশের এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংসদ সদস্য এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় কিশোর, যুবক, নারী ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা এলাকার নানা সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত দাবি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। সংসদ সদস্য তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময়কালে ঐতিহ্যবাহী তেঘরিয়া ফাজিল মাদরাসার উন্নয়ন, এলাকার রাস্তাঘাট সংস্কার এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা নিয়েও আলোচনা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।