ঢাকা ০৮:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের ঝিনাইগাতীতে ১০ বছর ঘরবন্দি জমেলার পাশে জেলা প্রশাসক

  • প্রকাশের তারিখ: 30/09/2026, 12:47 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 24
শেরপুরের ঝিনাইগাতীতে ১০ বছর ঘরবন্দি জমেলার পাশে জেলা প্রশাসক

দারিদ্র্য, অসুস্থতা ও একাকীত্বের কারণে দীর্ঘ প্রায় ১০ বছর চার দেয়ালের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছিলেন ৭০ বছর বয়সী জমেলা বেগম। চলাফেরার সক্ষমতা হারিয়ে ঘরের বাইরে বের হওয়ার সুযোগও ছিল না তাঁর। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম, পত্রিকা ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিও নজরে আসে শেরপুর জেলা প্রশাসনের।

ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের অসহায় জমেলা বেগমের দুর্দশার খবর পেয়ে গত সোমবার তাঁর বাড়িতে ছুটে যান শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। সেখানে তিনি জমেলা বেগমের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক, পারিবারিক ও জীবনযাপনের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সরেজমিনে তাঁর বাড়ির অবস্থা পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসকের উদ্যোগে জমেলা বেগমের জন্য তাৎক্ষণিকভাবে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তাঁকে দেওয়া হয় দুই বান্ডিল ঢেউটিন ও একটি হুইলচেয়ার। এছাড়া সাংবাদিক জাহিদুল হক মনিরের পক্ষ থেকে জমেলা বেগমকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

তবে তাৎক্ষণিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি জেলা প্রশাসনের উদ্যোগ। জমেলার জীবনযাত্রার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁর জন্য নতুন একটি ঘর নির্মাণ, বাড়ির ভিটা মাটি দিয়ে ভরাট, বিদ্যুৎ সংযোগ এবং এক মাসের শুকনো খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

প্রায় এক দশক ঘরবন্দি থাকার পর হুইলচেয়ার পেয়ে এখন ঘরের বাইরে কিছুটা চলাফেরার সুযোগ পাচ্ছেন জমেলা। দীর্ঘদিনের বন্দিত্বের পর চলাচলের এই সামান্য স্বাধীনতাই তাঁর জীবনে এনে দিয়েছে স্বস্তির অনুভূতি।

এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় থাকা একজন প্রবীণ নারীর পাশে প্রশাসন যেভাবে দাঁড়িয়েছে, তা মানবিকতার একটি দৃষ্টান্ত। তাঁদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানও যদি সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসে, তাহলে অনেক অসহায় মানুষের জীবনেই ফিরে আসতে পারে স্বস্তি ও আশার আলো।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 25/11/2026, 09:09 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।