শেরপুরের নালিতাবাড়ী শহরে মৃতপ্রায় অসুস্থ গরু জবাইয়ের অপরাধে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরু জবাই ও মাংস বিক্রির দায়ে আরও তিনটি মাংসের দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকের নেতৃত্বে শহরের দক্ষিণ বাজার মাংস মহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে মৃতপ্রায় অসুস্থ গরু জবাইয়ের দায়ে দক্ষিণ বাজারের লালন ভাইয়ের মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, ভেটেরিনারি সার্জন সাগর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পশু জবাইয়ের আগে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে একই এলাকার বাবুলের মাংসের দোকান এবং আড়াইআনী বাজার মাংস মহলের সাইফুলের মাংসের দোকান ও আল্লাহর দান মাংসের দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, লালন ভাইয়ের মাংসের দোকানটি আগে ‘হাফিজ ভাইয়ের মাংসের দোকান’ নামে পরিচালিত হতো। এর আগেও মৃতপ্রায় গরু জবাইয়ের অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আরোপ ও মাংস জব্দ করেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ভটভটিযোগে একটি মৃতপ্রায় অসুস্থ গরু আনা হচ্ছিল। বিষয়টি পথচারীদের নজরে এলে তারা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গরুটি অসুস্থ ও মৃতপ্রায় অবস্থায় ছিল বলে প্রতীয়মান হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা গ্রহণ করে।