শেরপুর জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকেই সচেতনতা ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় করণীয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।