ঢাকা ১১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শ্রীবরদীতে নিখোঁজ যুবকের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার, আটক ১

  • প্রকাশের তারিখ: 21/09/2026, 09:22 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
শ্রীবরদীতে নিখোঁজ যুবকের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার, আটক ১

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকা থেকে কালু মিয়া (২০) নামে এক নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাদশা মিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নলিয়ারপাড় এলাকার হাশেম হাজির পুকুরে কালু মিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত কালু মিয়া কুড়িকাহনীয়া কালিবাড়ি এলাকার মন্টু মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে একই এলাকার কমলউদ্দিনের ছেলে বাদশা মিয়ার সঙ্গে মাছ ধরতে বাড়ি থেকে বের হন কালু মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে পুকুরে কালুর মরদেহ ভাসার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে বাদশা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর রহস্য তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর পেয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শ্রীবরদী থানার ওসি মো. নুরুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 10:52 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।