ঢাকা ০১:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • প্রকাশের তারিখ: 14/09/2026, 11:22 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 37
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষ-দুর্নীতির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘুষখোরি ও লুটপাটের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। বিদেশি সহায়তার অর্থও লুট করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় ফিলিপাইনে জড়িত ব্যক্তিদের অনেকেই কারাগারে গেলেও বাংলাদেশে জড়িতদের যথাযথ বিচার হয়নি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ধরনের ঘুষখোরি ও লুটপাট করে। যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।’

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অন্যায়-অবিচারের বিচার চেয়ে মানুষ বছরের পর বছর আন্দোলন ও দাবি জানালেও অনেক অপরাধের বিচার হচ্ছে না। এ নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে স্পিকার বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের লন্ডনে বিপুলসংখ্যক বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া দুবাই ও যুক্তরাষ্ট্রেও তার সম্পদ রয়েছে বলে দাবি করেন তিনি। এসব সম্পদ বাংলাদেশের জনগণের অর্থ লুট করে বিদেশে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্পিকার।

প্রশাসনে এখনো আওয়ামী লীগের অনেক লোক রয়েছে দাবি করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ কারণে দেশের প্রকৃত চিত্র জনগণের সামনে পুরোপুরি তুলে ধরা সম্ভব হচ্ছে না।

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বাংলাদেশের মানুষের স্বার্থের পরিবর্তে প্রতিবেশী দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর ফলে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে—এমন অভিযোগও করেন তিনি।

চট্টগ্রাম বন্দরের উদাহরণ দিয়ে স্পিকার বলেন, ভারতীয় জাহাজ এলে অন্য জাহাজ, এমনকি বাংলাদেশের জাহাজও সরিয়ে আগে ভারতীয় জাহাজের পণ্য খালাসের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রেও যথাযথ শুল্ক আদায় করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিনা শুল্কে কিংবা নামমাত্র শুল্কে পণ্য পরিবহনের সুযোগ দেওয়ায় বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ বিশ্বের অন্যান্য দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত শুল্ক দিতে হয়।

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, সীমান্তে প্রায়ই নিরীহ মানুষ গুলিতে আহত ও নিহত হওয়ার খবর পাওয়া যায়। পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত থাকলেও সেখানে এ ধরনের ঘটনা তুলনামূলকভাবে দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।

  • আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
  • সর্বশেষ আপডেট: 30/09/2026, 02:49 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।