ঢাকা ০৩:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়ির মানিকছড়িতে আগুনে ঔষধের গোডাউনসহ ৫ দোকান পুড়ে ছাই

  • প্রকাশের তারিখ: 11/09/2026, 11:18 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 23
খাগড়াছড়ির মানিকছড়িতে আগুনে ঔষধের গোডাউনসহ ৫ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির মানিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঔষধের গোডাউনসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ময়ূরখীল (ধর্মঘর) এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোরে হঠাৎ দোকান শেডে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।
খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে আগুনে ঔষধ, সার ও কীটনাশক, আসবাবপত্র, মুদি ও চায়ের দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ী আতুসে মারমা বলেন, ভোরে আগুন লাগায় দ্রুত দোকান ও গোডাউন থেকে মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। ফলে অধিকাংশ মালামালই পুড়ে গেছে। তার দোকান ও গোডাউনে প্রায় ৩০ লাখ টাকার ঔষধ ছিল বলে জানান তিনি।
লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিক আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:08 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।