“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল, রাজনীতিবিদ আবদুল বাতেন, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপণ, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, এনসিপি সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিল্প-কারখানার স্বত্বাধিকারীরা।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। এজন্য কর্মক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক কর্মপরিবেশ গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি শুধু শিল্প ও ব্যবসা খাতের জন্য নয়; দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের জন্যও এটি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।