দীর্ঘ ২১৬ দিন বন্ধ থাকার পর জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরুর ১৮ দিন পর আজ ভোররাতে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম চালু হয়।
কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানায় গ্যাস সরবরাহ শুরু করে। এরপর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে আজ ভোররাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।
কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।
দীর্ঘদিন পর কারখানায় উৎপাদন শুরু হওয়ায় সংশ্লিষ্ট জেলাগুলোতে ইউরিয়া সারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষকদের চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।