আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড় অঙ্কের লোকসানের কথা উল্লেখ করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। নতুন এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা, পেট্রলের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম এবং ফ্রেইট বা জাহাজভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছিল। এরপর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলেও জনস্বার্থ বিবেচনায় গত পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় এ সময়ে বিপিসিকে বড় ধরনের লোকসান গুনতে হয়েছে। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য এখনো তুলনামূলকভাবে কম রয়েছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, বিপিসির লোকসান এবং সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ল, আজ রাত ১২টা থেকে কার্যকর
- প্রকাশের তারিখ: 21/09/2026, 08:42 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 58
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 09/10/2026, 06:34 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ