ঝিনাইগাতী বাজারে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে জরিমানা
শেরপুরের ঝিনাইগাতী বাজারে অতিরিক্ত মূল্যে ধানের বীজ বিক্রির অভিযোগে বিভিন্ন বীজের দোকান ও ডিলারদের ওপর তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি একজন ব্যবসায়ীকে বীজ আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে বাজারের বিভিন্ন বীজের দোকান ও ডিলারদের বীজ বিক্রির কার্যক্রম তদারকি করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের বাইরে বীজ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে প্রতিটি বীজ বিক্রির বিপরীতে ক্রেতাদের ক্যাশ মেমো প্রদান বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের ক্যাশ মেমো ছাড়া বীজ ক্রয় না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো অবস্থাতেই ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি না করতে ডিলার ও ব্যবসায়ীদের নিষেধ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমীন জানান, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের আইন মেনে বীজ বিক্রি এবং কৃষকদের প্রতিবার বীজ কেনার সময় ক্যাশ মেমো সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে।