নেত্রকোনার দুর্গাপুরে নিজ বসতঘরের খাটের নিচে ব্যাগে লুকিয়ে রাখা ৩০ বোতল ভারতীয় অবৈধ মদসহ মো. নয়ন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চকলেঙ্গুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন মিয়া ওই গ্রামের মৃত আজিম উদ্দিন ও মোছা. আয়শা খাতুনের ছেলে। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সকালে দায়িত্ব পালন করছিল। সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকলেঙ্গুড়া গ্রামের নয়ন মিয়া তার বসতঘরের খাটের নিচে অবৈধ ভারতীয় মদ মজুত করে রেখেছেন।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা মাদকসহ আসামিকে থানায় আনা হয়েছে। এসব মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত নয়ন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।