দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন এবং জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।”
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হলে শেরপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।