শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করা হয়। অভিযানে অংশ নেয় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোর ৫টার দিকে চোরাকারবারীরা নালিতাবাড়ী উপজেলার পানিহাতা নামক স্থান দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় চোরাকারবারীরা ঔষধগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
জব্দকৃত ঔষধের আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।