শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেছে একটি প্রাইভেটকার। পরে গাড়িটি থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজনকে আটক করা হলেও কৌশলে পালিয়ে গেছেন চালক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বালুয়াকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার গাবতলী এলাকার হরিস রাজবংশীর ছেলে আয়ন রাজবংশী (৩২) এবং সায়দাবাদ এলাকার শাহীনুল বারীর ছেলে মাইদুল ইসলাম (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নালিতাবাড়ীর দিক থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বালুয়াকান্দা বাজার এলাকায় পৌঁছালে পেছনে টহল পুলিশের গাড়ির উপস্থিতি টের পেয়ে চালক দ্রুতগতিতে গাড়ি চালানোর চেষ্টা করেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি অটোরিকশার পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি।
ধাক্কার পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে অটোরিকশা চালকসহ প্রাইভেটকারে থাকা দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকারে থাকা আহতদের উদ্ধারের সময় গাড়ির ভেতর থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বেশ কয়েকটি মদের বোতল ভেঙে যায়। উদ্ধার করা মদ জব্দের পাশাপাশি প্রাইভেটকারে থাকা দুই যাত্রীকে আটক করা হয়। তবে এ সময় কৌশলে গাড়িচালক পালিয়ে যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার করা মদ জব্দ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।