ঢাকা ০৯:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ফেনী সফরে তারেক রহমান, থাকছে একগুচ্ছ কর্মসূচি

  • প্রকাশের তারিখ: 01/10/2026, 08:21 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 29
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ফেনী সফরে তারেক রহমান, থাকছে একগুচ্ছ কর্মসূচি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সরকারি বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন তিনি।

এরপর দুপুর সোয়া ১টার দিকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা দেড়টায় পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি। সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ অংশে প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

কুমিল্লার প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিও রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বাগত জানানোর প্রস্তুতির কথাও জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন, সৌরবিদ্যুৎ, কৃষক ও পরিবারভিত্তিক সহায়তাসহ বিভিন্ন কর্মসূচি ঘিরে স্থানীয় উন্নয়ন-প্রত্যাশাও নতুন করে আলোচনায় এসেছে।

  • আনুমানিক পড়ার সময়: 2 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:21 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।