বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ IBAS++-এর মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে শেরপুরে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।
অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। IBAS++ পদ্ধতির মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে প্রদান করা হবে বলেও তিনি জানান।
এ সময় জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেরপুর জেলার কামারেরচরের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁর অনুভূতি জানতে চান। এ সময় মোখলেছুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের হাতে কল্যাণ সুবিধার অর্থের চেক তুলে দেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে প্রদানের এ উদ্যোগকে স্বাগত জানান
শেরপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন
- প্রকাশের তারিখ: 15/08/2026, 05:46 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 121
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 29/09/2026, 03:18 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ