ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৯ আশ্বিন ১৪৩৩

শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

  • প্রকাশের তারিখ: 04/10/2026, 04:51 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 25
শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন পুলিশ সুপার।
তিনি প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নৈশপাহারার ব্যবস্থা ও রেজিস্টার সংরক্ষণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বিকল্প বিদ্যুৎ সরবরাহ এবং অগ্নিনির্বাপক যন্ত্র রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধে তথ্য যাচাই ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্ব দেন পুলিশ সুপার। একই সঙ্গে আজান ও নামাজের সময় পূজার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শহরের যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের আশ্বাস দেন পুলিশ সুপার। তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ এবং শেরপুর জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 05/10/2026, 03:29 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।