শেরপুরের ঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ৫০ জন শহীদ পরিবারের নারী সদস্য এবং ৩০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে উপহার হিসেবে লুঙ্গি তুলে দেওয়া হয়।
এর আগে ১৯৭১ সালের গণহত্যায় শহীদ মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীদের স্মরণে স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আয়োজিত উপহার বিতরণ কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ নভেম্বর শেরপুরের সূর্যদী গ্রাম ও আশপাশের এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর ও রাজাকারদের হামলায় দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। এ সময় পুড়িয়ে দেওয়া হয় গ্রামের প্রায় ২০০টি ঘরবাড়ি।
ঐতিহাসিক এ গণহত্যার স্মৃতি ও শহীদদের আত্মত্যাগ স্মরণে প্রতিবছর ২৪ নভেম্বর সূর্যদী গ্রামে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।