ঢাকা ১১:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

  • প্রকাশের তারিখ: 03/09/2026, 10:08 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 115
বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ

বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ বাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আইজিপিকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রপতি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।
বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সাক্ষাৎকালে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা, বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:33 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।