ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তরুণ সমাজকে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি।”
আগামী তিন মাস ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিত্যক্ত কাগজ, প্লাস্টিক ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হতে পারে। তাই সম্মিলিতভাবে এসব স্থান পরিষ্কার রাখতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, পরিচ্ছন্নতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।