শেরপুরের পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক-অভিভাবক সমন্বয় নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০ জন কৃতী শিক্ষার্থীর হাতে আইজিপি শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
পরে শিক্ষার মানোন্নয়ন, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিচর্যা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে শিক্ষক ও অভিভাবকদের করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্লেসের প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তার।
এ সময় প্লেসের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।