জাতীয় স্বার্থে সরকার চাইলে যেকোনো সময় বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলেরও। দেশের প্রতি সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্ব রয়েছে। তাই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
সম্প্রতি দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তিনি সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সেখানে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়।
জ্বালানি সংকট মোকাবিলায় দেশে ও বিদেশে দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল টিম রয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছেন।
ছয় দফা জনদাবি প্রসঙ্গে তিনি বলেন, এসব দাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চান না তারা। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চাই না।” জনগণের দাবি বিবেচনা করে একসময় সরকার তা মেনে নিতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।