জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী শহীদ আবদুর রশীদ মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী সাদিয়া বিনতে সোবহান শৈলী। তিনি একই কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সোবহানের মেয়ে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল যাচাই করে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে এবার ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৫০০ কলেজের ৪০ লাখ শিক্ষার্থীর মধ্য থেকে এসব কৃতী শিক্ষার্থীকে মনোনীত করা হয়।
সাদিয়া বিনতে সোবহান শৈলী ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজ থেকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০২০ সালে অনার্সে তিনি ৩ দশমিক ৮৭ এবং ২০২১ সালে মাস্টার্সে ৩ দশমিক ৯৭ সিজিপিএ অর্জন করেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে তাঁর মাস্টার্সের সিজিপিএ ৩ দশমিক ৯৭ সর্বোচ্চ বলে জানানো হয়েছে।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় এবারই প্রথম ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু করেছে।
বর্তমানে সাদিয়া লালমাটিয়া সরকারি মহিলা কলেজের লাইব্রেরিতে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বিএড করছেন। শিক্ষাজীবনে তিনি আরও দুটি গোল্ড মেডেলসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।
সাদিয়ার বাবা মো. আব্দুস সোবহান বলেন, মেয়ের এ অর্জনে তাঁরা আনন্দিত ও গর্বিত। শিক্ষাক্ষেত্রে সাদিয়ার সাফল্য নালিতাবাড়ীর অন্যান্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষা ও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, সাদিয়ার এই অর্জন নালিতাবাড়ীর জন্য গৌরবের। তাঁর সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী হওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।