‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির খেলোয়াড়রা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাইনউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. মিসবাহ উল হক তুহিনসহ শেরপুর ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের ডিজিএম, এজিএম এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ট্রফির পাশাপাশি ২০ হাজার টাকা এবং রানার্সআপ শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া সেরা খেলোয়াড়কে ১ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ ধরনের মাদকবিরোধী ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।